সিলেটে ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া ৭টি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের BEFTN এর মাধ্যমে এককালীন আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়,সিলেট এর সম্মেলন কক্ষে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৭ টি জটিল রোগে আক্রান্ত ৫২ (বায়ান্ন) জন উপকারভোগীর মধ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের ১ম কিস্তি বিএফটিএন এর মাধ্যমে অর্থ বিতরণ করেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট এর উপপরিচালক মোঃ আব্দুর রফিক।জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানা, বিচারক প্যানেল সদস্য ডাঃ মোঃ নাজমুল ইসলাম, ফাতেমা জামান রোজী, শফিক নুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী বলেন,জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির একটি অংশ। তিনি বলেন,আজ প্রধানমন্ত্রীর জন্মদিন। তাঁর জন্য আপনারা দোয়া করবেন।তিনি যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন।
বাণিজ্য মন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া আক্রান্ত উপকারভোগী ব্যক্তিদের বলেন,এ আর্থিক সহায়তায় কিছুটা হলেও সমস্যা দুরীকরণে কাজে লাগবে।
অনুষ্ঠানে জানানো হয়, সরকার নাগরিকদের সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ব্যাধি বা পঙ্গুত্ব অথবা অভাবগ্রস্ততায় পতিত নাগরিকগণ সরকারি সহায়তা লাভের অধিকারী হবেন মর্মে উল্লেখ রয়েছে।সংবিধানের অনুচ্ছেদ ১৫(ক) ও ১৫(ঘ) এ উল্লেখ রয়েছে: “(ক) অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা; (ঘ) সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতা পিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার”।
অনুষ্ঠানে আরো অবহিত করা হয়,প্রতিবছর দেশে প্রায় বিপুল পরিমাণ ব্যক্তি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া ইত্যাদি দুরারোগ্য, দীর্ঘমেয়াদী ও ব্যয় বহুল রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। দুরারোগ্য রোগে আক্রান্ত এ সকল ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় টিকিয়ে রাখার নিমিত্ত সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে “ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম”টি বাস্তবায়িত হচ্ছে।
এসময় মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তিও প্রদান করেন।
