সিলেটকে আধুনিক ও দুর্ভোগমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র প্রার্থী আফজাল

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৫২ minutes ago

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় ব্যাপক গণসংযোগ ও ওয়ার্ড পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের আগে তিনি ঘাসিটুলা কেন্দ্রীয় জামে মসজিদে যান এবং এলাকার মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও প্রবীণ মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালান। পরে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের নাগরিক সমস্যার কথা শোনেন।
গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল বলেন, “সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক দুর্ভোগমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। নগরবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। সিলেটের সার্বিক উন্নয়নে আমি নগরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোস্তান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সদস্য প্রিন্সিপাল আব্দুর রহমান, মহানগর যুবশক্তির সদস্য রাইয়ান এবং মহানগর ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাহিন তালুকদার।
এছাড়াও কোতোয়ালি থানা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক সজল আহমদ, এয়ারপোর্ট থানা কমিটির যুগ্ম সদস্য সচিব রেজাউল কবির সুহেবসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ঘাসিটুলা এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।