“গণমানুষের দাবী আদায়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের বিকল্প নেই”
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা—জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নাগরিক সমাবেশ করেছে ‘বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ’। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি,সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।নাগরিক সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পরিষদের উপদেষ্টা গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: জয়নাল আবেদীন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান আল মিসবাহ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদেরর সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এম. এ. রহিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রভাষক আসাদুল আলম চৌধুরী ও আবুল মনসুর সাজু চৌধুরী, সহ-সভাপতি ওমর ফারুক ও ডা: মঈনুল হক,যুগ্ম সম্পাদক জামাল আহমদ,শিক্ষা সম্পাদক মো: আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, আইন সম্পাদক এডভোকেট কবির আহমদ , জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাজী মুহিবুর রহমান, সহ-সভাপতি এনামুল হক ও শমসের আলম,সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম, সিলেট জেলা বারের সদস্য এডভোকেট মামুন রশীদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান,গোয়াইনঘাটে লেঙ্গুড়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আহমদ, ডি. এম. মইনুল হক সিদ্দিকী, মো. আব্দুর রউফ, ব্যাংকার মো. ফয়জুল জালাল, কাওছার আহমদ, মামুন রশীদ তাজ, কিউ এম ফররুক আহমদ ফারুক, আবু ছালেহ মো. সদর উদ্দিন ও মাহফুজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনমত ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নাগরিক সমাবেশ, সুধী সমাবেশ ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১০ দফা দাবি সরকারের নজরে আনার চেষ্টা চলছে। সীমাবদ্ধতা থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় এগুলো ইতোমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে।বক্তারা বর্তমান সরকারের সময়ে এলাকার উন্নয়নে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, দাবিগুলোর অনেকগুলোই এখন বাস্তবায়নের পথে এগিয়েছে। এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত পরিকল্পনা, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগে বাজেট বরাদ্দ, মহাসড়ক উন্নয়ন প্রক্রিয়া এবং পাথর কোয়ারি খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর ইতিবাচক আশ্বাসের কথা তুলে ধরা হয়। গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নে ৫ হাজার ১০০ কোটি টাকার একনেক অনুমোদনের খবরে সন্তোষ প্রকাশ করে বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রীসহ প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি এর উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন।
সমাবেশে সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, তিনি তিনটি উপজেলার সংসদ সদস্য হওয়া সত্ত্বেও কানাইঘাট উপজেলাকেও উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন এবং বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে সব সময় আন্তরিক রয়েছেন। অতীতে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নের উদাহরণ টেনে বক্তারা বলেন, সবাই একতাবদ্ধ হয়ে সরকারের কাছে দাবি তুলে ধরলে ন্যায্য অধিকার আদায় করা সম্ভব।
সমাবেশে সংগঠনের প্রয়াত নেতা ও প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মো: আব্দুল আহাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি জানানো হয়, চার উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।বক্তারা জোর দিয়ে বলেন, এঅঞ্চলের মানুষের সবচেয়ে বড় দাবি হলো ঘরে ঘরে গ্যাস সংযোগ। ১৯৫৫ সালে হরিপুরে গ্যাস আবিষ্কারের ইতিহাস উল্লেখ করে তারা বলেন, গ্যাসক্ষেত্র এলাকার বাসিন্দারা যুগের পর যুগ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষায় পিছিয়ে থাকা এই জনপদের উন্নয়নে দল-মত নির্বিশেষে চার উপজেলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন ঘরে ঘরে গ্যাস সংযোগ না মিলবে, ততদিন এ আন্দোলন অব্যাহত থাকবে।
জৈন্তাপুর,গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সার্বজনীন অরাজনৈতিক সামাজিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ আয়োজিত উক্ত নাগরিক সমাবেশে বলা হয়,দীর্ঘকাল ধরে নানাবিধ বৈষম্যের শিকার অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ২০২৪ সালের ১৫ নভেম্বর “বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ” গঠিত হয়। সিলেটের চার উপজেলার নাগরিকদের এক মতবিনিময় সভায় জন্ম হয়েছিল বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর অধিকার প্রতিষ্ঠায় “বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ” নামক অরাজনৈতিক সামাজিক সংগঠন। বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত,বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবিদাওয়া আদায়ে স্টেকহোল্ডার হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
তারা জানান,চব্বিশের ২৬ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি।সিলেটের সেসময়কার জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আন্তরিকভাবে আমাদের স্মারকলিপি গ্রহণ করেন।এবং ঐবছরই সেচ কার্যক্রম ও অভ্যন্তরীণ সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন তিনি।স্মারকলিপিতে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, সকল পাথর,বালু কোয়ারী খুলে দেয়া সহ বৈষম্যের শিকার ১৭ পরগনা খ্যাত বৃহত্তর জৈন্তিয়াবাসীর ১০ দফা ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়। পরবর্তীতে তারা চার উপজেলার মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে গণসংযোগ,উপজেলা ও ইউনিয়নে নাগরিক মতবিনিময় সভা,জনসভা,পথসভা,ইফতার পার্টি,মানববন্ধন, তৃণমূল পর্যায়ে কমিটি গঠন,বিভিন্ন এলাকা পরিদর্শন, পেশাজীবি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়।বিভিন্ন ইস্যুতে মিডিয়া ব্রিফিং হয়।দশ দফা দাবীতে সামাজিক আন্দোলন ও ব্যাপক জনমত তৈরি করে এটি গণদাবিতে পরিণত করা হয়।
বক্তারা বলেন, ১০ দফা দাবীর মধ্যে অনেক কিছু বাস্তবায়নের পথে আজ।দেশে বিগত ১২ ফেব্রুয়ারীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর শুভলক্ষণ আমরা দেখতে পাচ্ছি। জৈন্তাপুর পৌরসভা গঠন,সেচ প্রকল্প বাস্তবায়ন, অভ্যন্তরীণ সড়ক সংস্কার,তিন উপজেলায় পর্যটন সড়ক, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, ঢাকা-সিলেট -জাফলং সড়কের কার্যক্রমের গতিবৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পথে।অচিরেই জাফলং ও শারপিং টিলা ব্যতিরেকে সকল পাথরকোয়ারীও খুলে দেয়া হবে।বক্তারা সরকারের কাছে অবিলম্বে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবী জানান।
