সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন, মাতৃভাষার মর্যাদাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মাতৃভাষা সম্মানের, গৌরবের।মাতৃভাষার প্রতি মমত্ববোধ দেশপ্রেমের মতোই। তিনি বলেন,শহীদ সালাম,বরকতদের কারণেই মাতৃভাষাকে আমরা রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে আসতে পেরেছি। আজ সারাবিশ্বে মাতৃভাষা দিবসের ফলে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। তিনি মাতৃভাষাকে সমুন্নত রাখতে ও মাতৃভাষার ব্যবহারকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
তিনি রোববার (১৫ ফেব্রুয়ারী) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।সভায় তিনি আরো বলেন,সিলেটের একটি নিজস্ব মাতৃভাষা আছে।যার নাম নাগরি।সেটিকে সংরক্ষণ ও চর্চা করতে হবে।এটি একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য বহন করে।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপপরিচালক সুবর্ণা সরকার,ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মোজয় দত্ত,সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,পুলিশ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ,জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তরের প্রধানগণ,সিটি কর্পোরেশন সহ সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।কর্মসূচি বাস্তবায়ন করতে জেলা প্রশাসক সকলের প্রতি আহবান জানান।এর পূর্বে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।