সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৪ ঘন্টা আগে

সিলেটে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণ ঘটানো এবং গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তারের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তানজিদা সুলতানা (২৬)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তানজিদা সুলতানা।

লিখিত অভিযোগে তিনি জানান,গত বছরের ২ জানুয়ারি প্রথম স্ত্রীর সম্মতিতে মামুন সৌরভের সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক তাঁর বিয়ে হয়। বিয়েতে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। বিয়ের পর থেকে তাঁরা সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন শ্যামলী আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

তানজিদার অভিযোগ, বিয়ের পর স্বামীকে তাঁকে নিজ বাড়িতে তুলে নেওয়ার কথা বললে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এরই মধ্যে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা হন।

গত ১৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তার শ্যামলীর ভাড়া বাসায় এসে তাঁকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। এতে প্রতিবাদ করলে দুজন মিলে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ওষুধ সেবন করান বলে অভিযোগ করেন তিনি। এর ফলে তাঁর রক্তক্ষরণ শুরু হয় বলেও দাবি করেন তানজিদা।এসময় অভিযুক্তরা তানজিদা কে ব্যাপক মারধরও করে।শারীরিকভাবে লাঞ্ছিত করে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে থানায় কিংবা আদালতে মামলা করলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট উইমেন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন তানজিদা সুলতানা। পরবর্তীতে তিনি শাহপরাণ (রহ.) থানায় স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তানজিদা সুলতানা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।