স্টাফ রিপোর্টার: ছাতকের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সংবাদমাধ্যম দৈনিক ছাতকের ডাক।
এ উপলক্ষে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় ছাতক পৌর শহরের বরকতিয়া মার্কেটে (থানার সামনে) পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি কামনা করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির।
তিনি জানান, ছাতকের মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়ন-অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই দৈনিক ছাতকের ডাক-এর অন্যতম লক্ষ্য। এ নতুন পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন তিনি।
