কান্দিগাঁওয়ে জামাতের একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মনাফ

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

ছফির আহমদ,ছাতক প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে রাজনীতির মাঠ ওলটপালট হতে শুরু করেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ইউনিয়নে তাদের একক প্রার্থী হিসেবে বর্তমান সফল চেয়ারম্যান আব্দুল মনাফ-এর নাম ঘোষণা করেছে। দলটির একক প্রার্থী হিসেবে তার এই শক্ত অবস্থান কান্দিগাঁওয়ের নির্বাচনী সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একাংশের ধারণা, গতবারের মতো এবারও আব্দুল মনাফের হাত ধরে কান্দিগাঁওয়ে বিশাল চমক দেখাতে যাচ্ছে জামায়াত।
তৃণমূলের একক আস্থা ও বিশাল শক্ত অবস্থান
কান্দিগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মনাফের রয়েছে ব্যাপক ব্যক্তিগত জনপ্রিয়তা ও শক্ত সাংগঠনিক ভিত্তি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে একক প্রার্থী ঘোষণা করায় দলের অভ্যন্তরে কোনো কোন্দল নেই, বরং দলীয় নেতাকর্মীরা এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসেবে তার এই অবস্থান প্রতিদ্বন্দ্বী অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।
জন্ম ও পারিবারিক পরিচিতি
কান্দিগাঁও ইউনিয়নের এক সমভ্রান্ত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে ১৯৭৩ ইংরেজী সালের ১০ই জানুয়ারি জন্মগ্রহণ করেন আব্দুল মনাফ। শৈশব থেকেই তিনি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের মধ্য দিয়ে বেড়ে ওঠেন। তার পারিবারিক ঐতিহ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তি কান্দিগাঁওয়ের সর্বস্তরের মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে।
রাজনৈতিক পথচলা: ১৯৮৮ থেকে আজ
আব্দুল মনাফের রাজনৈতিক জীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। ১৯৮৮ ইংরেজী সালে ছাত্রজীবন থেকেই তিনি জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে তিনি বহু উত্থান-পতন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মাঠপর্যায়ের কর্মী থেকে শুরু করে আজ তিনি ইউনিয়নের শীর্ষ নেতৃত্বে উপবিষ্ট হয়েছেন। দীর্ঘদিনের এই রাজনৈতিক অভিজ্ঞতা এবং কান্দিগাঁওয়ের বর্তমান চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের ট্র্যাক রেকর্ড তাকে নির্বাচনী দৌড়ে অনেকখানি এগিয়ে রাখছে।
আবারও কি চমক দেখাবে জামাত?
এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, বর্তমান চেয়ারম্যান হিসেবে আব্দুল মনাফ বিগত দিনগুলোতে ইউনিয়নের নানা উন্নয়নমূলক কাজ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এবার জামাতের একক প্রার্থী হওয়ায় তার ভোট ব্যাংক আরও সুসংহত হয়েছে। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা—আগামী নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে আব্দুল মনাফ কি পারবেন কান্দিগাঁওয়ে জামায়াতের পূর্বের সাফল্যের ধারা বজায় রেখে আবারও নতুন কোনো চমক সৃষ্টি করতে? উত্তর মিলবে নির্বাচনের ব্যালট বাক্সে।