সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১ ঘন্টা আগে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সিলেট সফরের প্রসঙ্গ তুলে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সিলেটের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের ধারাবাহিকতা বজায় রাখতে সিসিক প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের পাশে দাঁড়ান। পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে এই অনুদান তাঁর মানবিক নেতৃত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “সিলেট নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা, উৎসাহ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অনুদানে পরিচ্ছন্নতা কর্মীরা আরও উৎসাহিত হবেন এবং তাদের কাজের গতি ও মনোবল বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে অনুদান প্রদান করেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ ১৩ সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটের উন্নয়নে অব্যাহত সহযোগিতা ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান প্রদানের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরেও সিলেটসহ দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ঈদুল ফিতরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মুখে হাসি ফোটাতে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।