সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ভারতের সহকারী হাইকমিশন, সিলেট-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মি সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট অঞ্চলের সাংবাদিকরা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেনস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ সেলিম আওয়াল ও দ্যা ডেইলি স্টারের সিলেট ব্যুরো চীফ দ্বোহা চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন এর কূটনীতিক প্রতিবেদক মিজানুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, ও দৈনিক বিজনেস ফাইলের বিদ্যা রত্ন রায়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করবে পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে , সাংবাদিকবৃদ্ধদের নিয়ে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
