স্বাধীনতার চেতনা-শোষণমুক্ত ইনসাফের বাংলাদেশ -জেলা প্রশাসক

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
স্বাধীনতার চেতনা-শোষণমুক্ত ইনসাফের বাংলাদেশ -জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, স্বাধীনতার মূল চেতনা হলো একটি শোষণমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আজ থেকে ৫৫ বছর আগে এদেশের মানুষ পাকিস্তানের শাসকদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল। ৫৫ বছরের মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটি স্বাধীন মানচিত্র ও একটি লাল সবুজের পতাকা। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য হচ্ছে একটি সাম্য, শোষণমুক্ত ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা।তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সোমবার(৯মার্চ) দুপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভীন। এ সময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গৌতম দেব, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব,বাসস প্রতিনিধি সেলিম আউয়াল প্রমুখ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পুলিশ,র্যাব,আনসার-ভিডিপি,ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সারওয়ার আলম স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং দেশকে স্বাধীন করতে গিয়ে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পোষণ করেন, পাশাপাশি ২৪শের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন,আহত ও পঙ্গুত্ববরণ করেছেন তাদের সকলের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পোষণ করেন। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। ৫৫ বছর পর আজ সকলের দাবী হল ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা।তিনি স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান।