সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি নতুন করে গঠন করা হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনারকে। সদস্য হিসেবে রয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, পরিচালক (স্থানীয় সরকার) এবং বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক।
এ ছাড়া স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদকে সদস্য এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য-সচিব করা হয়েছে।
নতুন এ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হলো সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
জাতীয় ক্রীড়া পরিষদের এই অনুমোদনের মধ্য দিয়ে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন নেতৃত্ব কাঠামো কার্যকর হলো। একই সঙ্গে নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াও এগিয়ে নেওয়ার কথা রয়েছে।
এর আগে জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব হন রেজাউল করিম নাচন।
