সিলেট থেকে এবার হজ্জ পালন করছেন ৩৩৯৪ জন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

বৃহত্তর সিলেট অঞ্চলের হজ্ব যাত্রীগণের পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদিআরবে যাত্রা বিষয়ক সর্বশেষ প্রস্তুতি সম্পর্কিত সাংবাদ সম্মেলনের আয়োজন করেছে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চল।

রোববার হাব সিলেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির বলেন – প্রতিবারের ন্যায় এ বছরও সিলেট থেকে সরাসরি পবিত্র হজ্জ ফ্লাইট শুরু হতে যাচ্ছে- এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। আগামী ৪ মে, ২০২৬ রাত ০১.২৫ মিনিটে ৪১৯ জন হজ্জ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চল এর পক্ষ থেকে সকল হজ্জযাত্রীকে জানাই আন্তরিক মোবারকবাদ। একই সাথে সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা আশাকরি সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

লিখিত বক্তব্যে তিনি বলেন গত বছরের ধারাবাহিকতায় এ বছরও সিলেট থেকে মোট ৭ টি হজ্জ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে একটি মদিনা এবং বাকী ছয়টি ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে গমণ করবে। এবছর সিলেট অঞ্চলের মোট হজ্জযাত্রীর সংখ্যা ৩৩৯৪ জন। এর মধ্যে ২৯৩৩ জন যাত্রী সিলেট থেকে সরাসরি সাতটি ফ্লাইটে সৌদি আরব গমণ করবে এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী সিলেট থেকে ঢাকা এয়ারপোর্ট হয়ে সৌদি আরবে গমণ করবেন। রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকা বিমান বন্দরে বাংলাদেশ ও সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হবে। কিন্তু সিলেট থেকে গমণকারী সকল হজ্জযাত্রীদের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে। প্রথম ফ্লাইট ব্যতীত বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। উক্ত ছয়টি ফ্লাইটের সময়সূচি হলোঃ ১৪ মে, ১৫ মে, ১৬ মে, ১৭ মে (২ টি ফ্লাইট) এবং ১৮ মে।

পাশাপাশি এ বছর বাংলাদেশ থেকে সরকারী ও বেসরকারী হজ ব্যবস্থাপনায় মোট ৭৮,৫০০ জন হজ্জযাত্রী হজে গমণ করবেন। সৌদি সরকার এ বছর হজ্জ কোটা ব্যবস্থাপনায় এজেন্সী প্রতি ন্যূনতম ২,০০০ জন হজ্জযাত্রীর সীমা নির্ধারণ দিয়েছিল। তথাপিও এই কোটা পূরণে সিলেট অঞ্চলে তেমন কোনে বড় ধরনের সমস্যা সম্মুখিন হয় নাই। সিলেট অঞ্চলে মোট ৩০ টি হজ এজেন্সী কার্যক্রমে যুক্ত থাকলেও এ বছর ২৩ টি এজেন্সী হজ্জ নিবন্ধনে অংশগ্রহণ করেছে। এসব এজেন্সীর সম্মিলিত প্রচেষ্টায় সিলেট অঞ্চলের সকল হজ্জযাত্রীর নিবন্ধন, সৌদি আরবে বাড়ী ভাড়াসহ ভিসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর একটি গুরুত্বপূর্ণ উদ্যেগ হিসাবে সকল এজেন্সী সম্মিলিতভাবে সিলেট এলায়েন্স হজ ২০২৬ নামে একটি প্ল্যাটফর্মের অধীনে লিড এজেন্সী বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেস এর লাইসেন্স হজ্জ কার্যক্রম পরিচালনা করছে- যা সমন্বিত ব্যবস্থাপনার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

অতীতের ন্যায় ভবিষ্যতে ও হজ্জযাত্রীদের সার্বিক কল্যানে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চল সবসময় পাশে থাকবে বলে দাবি করেছেন হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চলের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির।