ঔষধ ব্যবসায় বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান, নকল ভেজাল প্রতিরোধ ও সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি বাস্তবায়নের লক্ষ্যে বি.সি.ডি.এস শাহপরান জোন সিলেটের উদ্যোগে ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার সার্বিক সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন সোমবার সকালে শাহপরানস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালক ও সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি এ টি এম মোসাহিদ উদ্দিন।
সমিতির সিলেট শাখার সহ সভাপতি এম এ আজিজ এর সভাপতিত্বে ও কামরুজ্জামান খোকনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেটের পরিচালক মোঃ মুবিন আহমদ, মাওলানা ফারুক আহমদ, আব্দুল মোক্তাদির, কবির আহমদ ও জহিরুল ইসলাম।
সভায় বিভিন্ন আঞ্চলিক শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ শাহপরাণ জোনের ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও শাহপরাণ জোনের কেমিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা সরকার নির্ধারিত মুল্যে ঔষধ বিক্রির আহবান জানিয়ে বলেন, নকল ভেজাল, মানহীন ঔষধ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ঔষধ যথাসময়ে কোম্পানিতে ফেরত দেওয়া ও ঔষধের দোকানে ফার্মাসিস্ট উপস্থিত থাকা, হোম ডেলিভারি/ অনলাইনে ঔষধ বিক্রি না করা, নিয়মিত ড্রাগ লাইসেন্স নবায়ন করতে হবে। বক্তারা বলেন, ড্রাগ লাইসেন্স বিহীন দোকানে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ না করা, ঔষধ কোম্পানির ইনভয়েস এর মাধ্যমে ঔষধ সংগ্রহ করা ও সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন বিক্রি করতে হবে।
সভায় বক্তারা আরো বলেন, ঔষধ ব্যবসাকে একটি মানবিক ও সেবামূলক পেশা হিসেবে বিবেচনা করে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সততা, পেশাগত নৈতিকতা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার সংস্কৃতি গড়ে তুলতে পারলে এই খাত আরও শক্তিশালী হবে। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ, মানসম্মত ও সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি নিশ্চিত করা সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে ব্যবসায়ী, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।
