ইংরেজি শিক্ষকদের পেশাগত উন্নয়নে গেইট-সেল্টা কাজ করছে – আবু নছর মোহাম্মদ সুফিয়ান

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ইংরেজি ভাষা শিক্ষকদের সংগঠন গেইট-সেলটা (GATE-SELTA), সিলেট-এর উদ্যোগে গত ১৯ জুলাই নগরীর একটি অভিজাত হোটেলে এক আন্তরিক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমানের বাংলাদেশ স্কুল সোহারের অধ্যক্ষ কামাল আম্বিয়া।

গেইট-সেলটার সভাপতি আবু নছর মুহাম্মদ সুফিয়ান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নুসরাত রিজকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ কামাল আম্বিয়া বাংলাদেশ থেকে ওমান পর্যন্ত তাঁর দীর্ঘ শিক্ষা-নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি তরুণ শিক্ষকদের উদ্দেশে বলেন, একজন দক্ষ শিক্ষক হওয়ার জন্য নিয়মিত পেশাগত উন্নয়ন, আত্মউন্নয়ন এবং নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি শিক্ষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. নুসরাত রিজকা শিক্ষকদের পেশাগত উন্নয়নে গেইট-সেলটার ধারাবাহিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি গেইট-সেলটার প্রতিনিধিদের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং ভবিষ্যতে শিক্ষক/ শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় ও গেইট-সেলটার যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে গেইট-সেলটার পক্ষ থেকে ড. নুসরাত রিজকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে গেইট-সেলটার সভাপতি আবু নছর মুহাম্মদ সুফিয়ান বলেন,সিলেটের ইংরেজি শিক্ষকদের পেশাগত উন্নয়নে গেইট-সেল্টা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি অধ্যক্ষ কামাল আম্বিয়াকে তাঁর মূল্যবান অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ড. নুসরাত রিজকার উপস্থিতি ও সহযোগিতার আগ্রহের প্রশংসা করে ভবিষ্যতে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে গেইট-সেলটার যৌথ উদ্যোগে বিভিন্ন পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য গেইট-সেলটার নির্বাহী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং বিশেষভাবে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াদুদ ও কোষাধ্যক্ষ রিবলু মিয়া-র আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

অনুষ্ঠানে গেইট-সেলটার চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শামস উদ্দিন-এর অনুপস্থিতি সবাই আন্তরিকভাবে অনুভব করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় গেইট-সেলটার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান শামীম এবং নির্বাহী সদস্য মুহাম্মাদ সাইয়িদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।