আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি একটি দেশের জন্য হুমকিস্বরূপ এবং জাতীয় উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে অবহিত করতে প্রতিবছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়।

তিনি জানান, প্রতিবছরের মতো এবারও র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। সকাল ১০টায় সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিএনসিসি, গার্ল গাইডস, স্কাউটস এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সভায় দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিস ও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানের ডিজিটাল ডিসপ্লেতে দুর্নীতিবিরোধী বিশেষ বার্তা প্রচার এবং দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সংবলিত ব্যানার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পদ কর্মকর্তা পদ্মাসন সিংহ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম. এ. হান্নান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।