ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন বিশ্বনাথের আমির হোসাইন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতী সন্তান মো. আমির হোসাইন। গত ১৩ অক্টোবর ইস্ট লন্ডন যুবদলের ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলে তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে যাওয়ার আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমির হোসাইন। দেশে থাকাকালে তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেওকলস ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

২০২৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর প্রবাসে যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন আমির হোসাইন। ইস্ট লন্ডন যুবদলের সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় নতুন কমিটিতে তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আমির হোসাইন বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশে অবস্থানকালে দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। নতুন এই দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। আমার ওপর আস্থা রাখার জন্য যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন,দল ও সংগঠন আমার ওপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তা পালনে সচেষ্ট থাকব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার লক্ষ্যে সহযোদ্ধাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

আমির হোসাইনের এই অর্জনে তাঁর নিজ এলাকা বিশ্বনাথের রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।