জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) মাহমুদা সুলতানা শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান জানিয়েছেন। শিশুদের সোস্যাল স্ট্যাটাসে যাতে ব্যাঘাত না ঘটে,অধিকারের ক্ষেত্রে যাতে বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, কন্যাশিশুদের পরিবারো সুন্দরভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরি করতে হবে।আজকের কন্যাশিশুরা ভবিষ্যতের নারী।তারা মা হবে,স্ত্রী হবে,কারো বোন হবে।তিনি বলেন,একটি পরিবার কিংবা সংসারে স্ত্রী বা মায়েরাই বড় দায়িত্ব পালন করে থাকে।সংসার পরিচালনা,সন্তানদের গড়ে তুলতে তাদের ভূমিকা অনস্বীকার্য। তিনি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মা এর বিকল্প নেই উল্লেখ করে বলেন, কন্যাশিশুদের প্রতি যত্নশীল হতে অভিভাবকদের প্রতি আহবান জানান।
মাহমুদা সুলতানা সোমবার সকালে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট আয়োজিত আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ ভাতা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, উইমেন ফর উইমেন এর পরিচালক সামিয়া বেগম চৌধুরী, বাসস এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার, প্রশিক্ষণার্থীদের ভাতা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক বিতরণ করেন উপপরিচালক, স্থানীয় সরকার(ডিডিএলজি) মাহমুদা সুলতানা সহ অতিথিবৃন্দ।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
