জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) উপদেষ্টা, ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, অধিকার ও জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপযুক্ত শিক্ষা, প্রয়োজনীয় সহযোগিতা ও সহানুভূতিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিবন্ধীরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
তাঁদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষা উপকরণ সরবরাহ, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
গত ১০ অক্টোবর বুধবার দুপুরে সিলেট নগরীর লামাবাজারস্থ ছালেহা আই কেয়ারে ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন উপলক্ষে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, স্বরুফা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, খাদিজাতুল কুবরা প্রমুখ।
ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী আরও বলেন প্রতিবন্ধিতা কোনো মানুষের স্বপ্নপূরণ ও সফলতার পথে বাধা হতে পারে না। প্রয়োজন যথাযথ সুযোগ, সহযোগিতা ও অনুপ্রেরণা। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবহেলা না করে তাঁদের পাশে দাঁড়ানো এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।বিজ্ঞপ্তি
