সিলেটে নানা আয়োজনে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আজ(২ অক্টোবর) শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন,হালাল উপার্জনের মধ্যে এক নম্বর উপার্জন হচ্ছে ব্যবসা,কেনা-বেচা।তিনি বলেন, উৎপাদনের ক্ষেত্রে কম খরচে কত বেশি আউটপুট হয় সেটি মূল প্রসঙ্গ।

জেলা প্রশাসক আরো বলেন, ব্যবসার জন্য প্রয়োজন অবকাঠামো ও এনার্জি। তিনি বলেন,বিদেশি বিনিয়োগকারী,আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের কাজের সুযোগ তৈরি করে দিতে হবে।সহজ উপায়ে ব্যবসার পরিবেশ তৈরির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে।

তিনি জানান,ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও জয়েন্ট স্টক থেকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পাদনের জন্য কাজ চলছে। তিনি সিলেটের চা বাগানগুলোকে আরো গতিশীল ও উৎপাদনমুখী করতে জেলা প্রশাসন ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানান।তারা পরিদর্শন করে প্রয়োজনীয় রিপোর্ট প্রদান করবে।এছাড়াও চা বাগানের জন্য আরো ৬টি কমিটি গঠিত হয়েছে।কিভাবে সোলার লাগানো যায় তা দেখবে তারা। তিনি বলেন, সমস্যা চিহ্নিত হলে জেলা প্রশাসন সমাধানের কাজ করবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজকিল গুলজার ও ফুলকলি ফুড এর উপ মহা ব্যবস্থাপক জসীম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক),সিলেট এর উপ-মহাব্যবস্থাপক সোহেল হাওলাদার। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা সহ সরকারি -বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এবছর “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস সারাদেশে পালিত হচ্ছে।