জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৯ ঘন্টা আগে

জেলা প্রশাসন, সিলেট-এর উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে আজ (০৫ আগস্ট ২০২৬) জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি া

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন,
মোঃ মশিউর রহমান, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, ড. মোঃ জিল্লুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট, সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার,সিলেট মেট্রোপলিটন পুলিশ,এবং ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, সিলেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, সিলেট আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ক, খ ও গ গ্রুপে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার, ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।