জুনে এসএমপির অভিযানে ২,৩২২ জন গ্রেফতার, বিপুল মাদক ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জুন-২০২৬ মাসজুড়ে ব্যাপক চিরুনি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসব অভিযানে মোট ২,৩২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন পণ্য।
শুক্রবার (৩ জুলাই) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব সাফল্য অর্জন করেছে।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়াড়ি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর-ডাকাত, ২৬ জন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭২৫ জন মেট্রো অধ্যাদেশ ও সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যান্য আইনে ২১৮ জন রয়েছেন। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১০,৬৭৪ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ, ৭৯২ লিটার চোলাই মদ এবং ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা। একই সঙ্গে চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১৭,৬১০ কেজি ভারতীয় জিরা, ১৭,০৮৯ পিস ভারতীয় চকলেট, ২৬,৬৭৫ পিস ভারতীয় প্রসাধনী (কসমেটিকস), ৩,৫১৫ কেজি অবৈধ চা-পাতা, ৯ লাখ ৮৭ হাজার পিস শেখ নাসির উদ্দিন বিড়ি, ১৬২টি ভারতীয় কম্বল এবং ১০০টি ভারতীয় শাড়ি। এদিকে, জুন-২০২৬ মাসে এসএমপির ট্রাফিক বিভাগ ৪,৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ২,০০৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ২,৩৫৩টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়েছে। এসএমপি জানিয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।