সিলেটে স্বাস্থ্য সেবা উন্নয়নে আশ্বাস দিলেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালামের সঙ্গে সিলেটে কর্মরত সাংবাদিকদের এক আন্তরিক নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) নগরীর বারুদখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সাংবাদিকদের সম্মানে এ আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী এবং দেশ টিভির সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদের সঞ্চালনায় সিলেটে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন। সভায় সাংবাদিকরা রেড ক্রিসেন্টের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেন, স্বৈরাচারী সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া দুররে সামাদ মেডিকেল কলেজ পুনরায় চালুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি দক্ষিণ সুরমায় একটি মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি, যা সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় সাংবাদিকরা রেড ক্রিসেন্টের রক্তদান কর্মসূচি, অ্যাম্বুলেন্স সেবা এবং মাতৃমঙ্গল হাসপাতালের সেবার মান আরও উন্নত ও সহজলভ্য করার প্রস্তাব দেন। চেয়ারম্যান এসব বিষয়ে ধাপে ধাপে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবসেবার আদর্শে বিশ্বাসী। স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার পাশাপাশি জনগণের আস্থা অর্জনই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম এবং সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীও বক্তব্য রাখেন। তারা সিলেট অঞ্চলে রেড ক্রিসেন্টের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার পরিধি বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সুনামগঞ্জ জেলা বারের পিপি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সিলেট রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, আবু সাইদ, কামরুজ্জামান দীপু, পারভেজ আহমদ, আলীমুল এহসান চৌধুরী, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত নৈশভোজ ও মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা, আস্থা ও জনকল্যাণমূলক উদ্যোগকে আরও গতিশীল করার প্রত্যয়ে শেষ হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম উপস্থিত সাংবাদিকদের মূল্যবান মতামত, আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।