সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ২০১২/১৪ ব্যাচের উদ্যোগে যুক্তরাজ্যে টানা চতুর্থবারের মতো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ মার্চ লন্ডনের বিখ্যাত রয়েল মহল ব্যানকুয়েটিং রেস্টুরেন্টে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। প্রবাসের মাটিতে মডেলিয়ান বন্ধুদের এই মিলনমেলা পুরো সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ পরিবারের জন্য গর্ব ও আনন্দের এক অনন্য মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রবাসের ব্যস্ত ও কর্মমুখর জীবনের মাঝেও বন্ধুত্বের এই বন্ধন অটুট রেখে প্রতিবছর এমন আয়োজন করা প্রায় অসম্ভব একটা কাজ। তবে ২০১২/১৪ ব্যাচের বন্ধুদের পারস্পরিক আন্তরিকতা ও গভীর বন্ধুত্বের কারণেই এ আয়োজন ধারাবাহিকভাবে সফল হয়ে আসছে।
ইফতার মাহফিলকে ঘিরে যুক্তরাজ্যে অবস্থানরত মডেলিয়ানরা একত্রিত হয়ে আড্ডা, স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। আয়োজকদের মতে, ভবিষ্যতে এই আয়োজন শুধুমাত্র একটি ব্যাচের ইফতার মাহফিলেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে এটি যুক্তরাজ্য প্রবাসী মডেলিয়ানদের বিভিন্ন ব্যাচের সম্মিলিত মিলনমেলায় রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে যুক্তরাজ্যের মতো ব্যস্ত দেশে সাবেক শিক্ষার্থীদের এত বড় পরিসরে একত্রিত করে ধারাবাহিকভাবে সফল ইফতার মাহফিল আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সাবেকদের সংগঠন এসজিএমএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটি। পাশাপাশি ভবিষ্যতেও এ আয়োজন আরও সাফল্যমণ্ডিত ও স্মরণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে ২০১২/১৪ ব্যাচের বহু সাবেক শিক্ষার্থী বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করায় তারা এই ইফতার মাহফিলে সরাসরি অংশগ্রহণ করতে পারেননি। তবে তারা যুক্তরাজ্যে থাকা তাদের বন্ধুদের প্রতি সংহতি প্রকাশ করে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে লন্ডনের এই ইফতার মাহফিলে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের দেশ-বিদেশে অবস্থানরত সকল সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে মডেলিয়ান পরিবারের এই বন্ধন যেন আরও মজবুত ও আজীবন অটুট থাকে সেই কামনাও ব্যক্ত করা হয়।
প্রতিবছর এই ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের পেছনে কাজ করছেন ২০১২/১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী জাকারিয়া আহমেদ, আবদে রাব্বি, মুন্না চৌধুরী, সৈয়দ আমিনুল হক, মোহাইমিন রাসেল, জান্নাতুল ফেরদৌস নাঈম, আব্দুল্লাহ আল মনসুর, আবু হাসনাত, বাপ্পি ইসলাম, তারেক আজিজ নাসিম, সৈয়দ লায়েক, মোবারক রহমান, ইব্রাহিম কার্দি, জাহিদ হাসান,আল আমিন, জুবায়ের চৌধুরী, শামরান আহমেদ, জসিম উদ্দিন, তারিকুল ইসলামসহ আরও অনেকে।