জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জকিগঞ্জে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। ইফতার-পূর্ব আলোচনায় তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক।” সমাজে ন্যায়, সত্য ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জকিগঞ্জ অঞ্চলে নদীভাঙন একটি মারাত্মক সমস্যা। নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার স্বাস্থ্যসেবার উন্নয়নে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, কে এম মামুন, দৈনিক সিলেটের ডাকের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার, দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি মোর্শেদ আলম লস্কর, দৈনিক সিলেট বাণী ও দৈনিক সকালের সময় প্রতিনিধি এম এ ওয়াহিদ চৌধুরী, মাসউদ তরফদার, সদস্য মোহাম্মদ কয়েছ আহমেদ।
এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব শাব্বির আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাওছার রশীদ বাহার, আরোহী সংগীত একাডেমি’র সভাপতি শাকিল আহমদ কয়েছ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।