সিলেটে ৫ টাকায় ইফতার দিচ্ছে সেবাদানকারী ও মানবকল্যান সংগঠন “সৎ পথের পথিকরা”

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সিলেটে ৫ টাকায় ইফতার দিচ্ছে সেবাদানকারী ও মানবকল্যান সংগঠন “সৎ পথের পথিকরা”

রমজান মাসে সিলেটে প্রতিদিন মাত্র ৫ টাকায় ইফতার তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন’। নগরীর বিভিন্ন পয়েন্ট ও হাসপাতালে নিম্ন আয়ের ও রোজাদার মানুষের আত্মসম্মান বজায় রেখে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইফতার আইটেমে নানা রকম খাবার ও অর্ধ লিটার বিশুদ্ধ পানি দেয়া হয়।

অষ্টম রমজান নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫ টাকায় ইফতার বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আয়শা সিদ্দিকা প্রিয়া, কোষাধ্যক্ষ লিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক সুজন, সামিয়া, সজীব, জামাল, দীন ইসলাম, রোজিনা ও ইমদাদ প্রমুখ।

গোলজার আহমেদ হেলাল বলেন, ৫ টাকার ইফতার একটি খুবই ভালো উদ্যোগ। আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে শুভেচ্ছা জানাই। আমাদের সমাজের বিত্তশালীদের উচিত এই ধরনের কার্যক্রমকে সহযোগিতা করা।

সংগঠনের সভাপতি আয়শা সিদ্দিকা প্রিয়া জানান, পুরো রমজান মাসব্যাপী ৫ টাকার ইফতার বিতরণের কার্যক্রমটি ২০২৫ সালের রমজান থেকে শুরু হয়েছে। ওই বছর ১-২৯ রমজান পর্যন্ত এই আয়োজন চলেছে। এবছর ২০২৬ সালেও ১-৩০ রমজান ইফতার বিতরণ কার্যক্রম চলবে।

সংগঠনের সাধারণ সম্পাদক কাকলি বেগম ও কোষাধ্যক্ষ লিজা আক্তার বলেন, পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া অসহায়দের মাঝে ত্রাণ ও ঈদ উপলক্ষে ঈদ প্যাকেজ এবং ঈদ বস্ত্র বিতরণ চলবে।